লোহিত সাগরে ইরানের একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেন উপকূলের কাছে থাকা অবস্থায় লিম্পেট মাইন হামলার কবলে পড়ে জাহাজটি। গতকাল বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে ঐ জাহাজে হামলার ঘটনা ঘটে। হামলায় জাহাজটি অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ বলেছেন, সাভিজ নামের বেসামরিক ঐ জাহাজটি ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের (আইএমও) অধীনে নিবন্ধিত। জাহাজটি লোহিত সাগরে ইরানের সহযোগী স্টেশন হিসেবে কাজ করে এবং জলদস্যুবিরোধী অভিযান পরিচালনা করে থাকে।—বিবিসি
