বৈশাখবরণে জনসমাগম হয় এমন অনুষ্ঠান না করতে নির্দেশ দিয়েছে সরকার। করোনা পরিস্থিতিতে পহেলা বৈশাখের আয়োজনে কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়।
চিঠিতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলা নববর্ষ-১৪২৮ উদ্যাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হলো। কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না।
এর আগে গত বছরও করোনা পরিস্থিতির জন্য ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি। সে সময় বিভিন্ন সংগঠন ভার্চুয়ালি বর্ষবরণের আয়োজন করে।
