মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র হাজি আব্দুস ছালামের রামগোপালপুরের বাসভবনে জমে থাকা গ্যাস থেকেই মঙ্গলবার রাতের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, বোমা ডিসপোজাল টিম জানিয়েছে, বোমা বা বিস্ফোরক পদার্থের মাধ্যমে বিস্ফোরণ ঘটেনি। গ্যাস জমে পুরো বাসাটাই বলতে গেলে গ্যাসের চেম্বার হয়ে গিয়েছিল। স্পার্কিংয়ের মাধ্যমে বিস্ফোরণ ঘটেছে বলে তারা জানিয়েছেন।
এদিকে বিস্ফোরণে দগ্ধ মেয়রের স্ত্রীর অবস্থা সংকটাপন্ন। দগ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মেয়রের স্ত্রী কানন (৩৭) ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিত্সাধীন রয়েছেন। তবে দগ্ধ বাকিদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওলাদ হোসেনকে (৪০) বুধবার বার্ন ইউনিট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম মেয়রের বাসভবনে বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার রাতে মিরকাদিমে মেয়রের চারতলা বাসভবনের তৃতীয় তলার ড্রয়িংরুমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে প্যানেল মেয়র ও কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হন।
