করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা কবরী

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০০:৩৪

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি শিল্পী কবরীকে। গত  সোমবার তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত। জানা গেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে কবরীর জ্বর আসে। শরীরে ব্যথাও ছিল। এরপর তিনি করোনার পরীক্ষা করান। তাতে ফল পজিটিভ আসে। গত সোমবার তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তার ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন জানান, বর্তমানে তাকে কেবিনে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তাররা সিটি স্ক্যান করতে দিয়েছেন। এখনো রেজাল্ট আসেনি।

তিনি নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা করেছেন। ১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ ছবির মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। উপহার দিয়েছেন ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী চলচ্চিত্র। তার পরিচালিত প্রথম ছবির নাম ‘আয়না’।