‘সহিংসতায় জড়িত হেফাজত নেতাদের শাস্তি নিশ্চিত করা হবে’

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০০:৩৪

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সহিংসতায় জড়িত হেফাজতে ইসলামের নেতাকর্মী সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। সরকার ইতিমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি জেলা ও উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে প্রশাসনকে সহায়তা করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। জামায়াত-শিবির হোক আর হেফাজত বা বিএনপিই হোক, জনগণকে সঙ্গে নিয়ে অপশক্তি রোধ করা হবে। হেফাজত ইসলামের এমন তাণ্ডব ও অরাজকতা মেনে নেওয়া যায় না। 

গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভাঙচুর হওয়া আওয়ামী লীগের কার্যালয় এবং যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মদিনা টাওয়ারে একটি রেস্তরাঁয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল গতকাল মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে সোনারগাঁও পরিদর্শন করে।

তিনি আরো বলেন, ধর্মের নামে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হলে তা বরদাশত করা হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ধর্মের নামে তাণ্ডব চালায়, তাদের আঘাতের পালটা আঘাত করা হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল প্রমুখ।