নাসিক কাউন্সিলর ইকবাল গ্রেফতার

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০০:৩৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী কাউন্সিলর ইকবালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি নেতা কাউন্সিলর ইকবাল হোসেন নাশকতা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩ হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট আটটি মামলা দায়ের হয়।