গত ৫ এপ্রিল করোনা পজিটিভ হন অভিনেত্রী কবরী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয় তাকে। সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চাইলে কবরীর ছেলে শাকের চিশতী বলেন, ‘আম্মার জন্য খাবার নিয়ে যাচ্ছি। শারীরিক অবস্থা আগের মতোই, তবে ভালোর দিকে। দেখতে দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। অক্সিজেন লেভেল ওঠানামা করছে। সর্বশেষ ডাক্তার বললেন, অবস্থা কিছুটা উন্নতির দিকে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’ সুভাষ দত্তের পরিচালনায় ১৯৬৪ সালে ‘সুতরাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী। এরপর বাহানা, তিতাস একটি নদীর নাম, রংবাজ, সারেং বউ, সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি।
