আলিয়ার অপেক্ষায় বানসালি!

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২০:৫০

বিনোদন ডেস্ক

 

মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ের কবলে এরইমধ্যে পড়েছেন বেশ কয়েকজন বলিউড তারকা। সেই তালিকায় ক’দিন আগেই নাম লিখিয়েছেন আলিয়া ভাট। শুধু আলিয়া নন, তার আসন্ন সিনেমা ‘গাঙ্গুবাঈ কটিয়াদি’র পরিচালক সঞ্জয়লীলা বানসালি থেকে শুরু করে সিনেমাটির প্রযোজক-কলাকুশলীর অনেকেই করোনা সংক্রমিত হয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন আলিয়া ও বানসালি। তবে এরইমাঝে শুটিংয়ে ফিরতে চাওয়ার ঘোষণা দিয়ে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন বানসালি। জানা গেছে, বিগ বাজেট ও ইমোশনাল এই সিনেমাটির শুটিং অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন নির্মাতা। তবে করোনা সিনেমাটিতে প্রধান ভিলেন হয়ে দেখা দেয়। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, যতটা সৃজনশীল কাজ বানসালি করতে চেয়েছিলেন ততটা আর করতে পারবেন না বলে তিনি মনে করছেন। তবে শিগগিরই শুটিংয়ে ফিরতে চান এই নির্মাতা। বানসালি বলেন, ‘অনেক আশা নিয়ে সিনেমাটির শুরু করেছিলাম। তবে করোনা যে আমার সিনেমার আসল ভিলেন হবে বুঝতে পারিনি। আর মাত্র একদিনের শুটিং বাকি ছিল। আলিয়ার করোনা সংক্রমণ শঙ্কা তৈরি করেছে। তবে আশা করছি হোম কোয়ারেন্টিন শেষ করেই শুটিংয়ে ফিরবো। আলিয়াকে আর একদিন দরকার।’

এদিকে আলিয়া বর্তমানে নিজের বাড়িতেই ডাক্তারের পরামর্শে চিকিত্সা নিচ্ছেন। পাশাপাশি নিজের ফিটনেস ধরে রাখতে নানা চেষ্টা অব্যাহত রেখেছেন। এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমিও সিনেমাটি নিয়ে আশায় আছি। করোনাকে পরাজিত করে শেষদিনের শুটিংয়ে নিশ্চয় ফিরবো। নিজেকে ফিট রাখতে চেষ্টা করছি। সাবধানে থাকবেন।’