সাতক্ষীরা প্রতিনিধি
করোনা সচেতনতায় জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বরে ওয়াচ টাওয়ার ও প্রচার মঞ্চ স্থাপন করা হয়েছে। বুধবার রাতে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এ ওয়াচ টাওয়ার ও প্রচার মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি একান্ত জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, ডা. সুব্রত ঘোষ, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক প্রমুখ। এদিকে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধে সাতক্ষীরা শহর ও এর আশপাশ এলাকায় সতর্কতামূলক মাইকিং ও মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।
