পারিবারিক বিরোধে প্রাণ গেল চাচা-ভাতিজার

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:৪২

সুনামগঞ্জ প্রতিনিধি

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে মারামারিতে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্য দুজন। বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন—ডুংরিয়া গ্রামের আবদুল তাহিদ (৫৮) ও তার ভাতিজা রিপন মিয়া (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডুংরিয়া গ্রামের বাসিন্দা আবদুল তাহিদ ও তার ভাতিজা রিপন মিয়ার মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় আবদুল তাহিদ খুন্তির আঘাতে ও রিপন মিয়া ছুরিকাঘাতে গুরুতর আহত হন। দুজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদীর আহমদ বলেন, পারিবারিক বিরোধের জেরেই মারামারিতে দুজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি শান্ত করতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।