স্পোর্টস রিপোর্টার
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলটা এক ঝাঁক নতুন ক্রিকেটার নিয়ে গড়া। সে তুলনায় বাংলাদেশ ইমার্জিং নারী দলটা কার্যত জাতীয় দলই বটে। অভিজ্ঞতা, শক্তিমত্তায় পার্থক্য থাকায় স্বাগতিকদের বিরুদ্ধে বড় প্রতিরোধ গড়তে পারছে না সফরকারী দলটি। সুযোগ কাজে লাগিয়ে দুই ম্যাচ আগেই পাঁচ ওয়ানডের সিরিজটা নিজেদের করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। একই ভেন্যুতে ১১ এপ্রিল সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ১৩ এপ্রিল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ এপ্রিল বাংলাদেশ ছাড়বে প্রোটিয়া নারী দল।
সিলেটে গতকাল বাংলাদেশের স্পিনারদের তোপে পড়ে টস জিতে ব্যাট করা প্রোটিয়ারা ৩৩.৩ ওভারে ৯২ রানে অলআউট হয়ে গেছে। দুই পেসার জাহানারা আলম, ফারিহা ইসলাম তৃষ্ণাকে বিশ্রাম দিলেও বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী দল। বস্ক ৩০, স্টেইন ১৯, অ্যান্ড্রুস ১৮, সাঙ্গাসে ১১ রান করেন। তিন স্পিনার রিতু মনি, নাহিদা আক্তার, রাবেয়া খান ৩টি করে উইকেট পেয়েছেন। পরে ২৮ ওভারে ৪ উইকেটে ৯৩ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ইমার্জিং নারী দল। ১৫ রানে ৩ উইকেট নিয়ে রাবেয়া ম্যাচ সেরার পুরস্কার পান।
