আবাহনী-ঈগলসের ম্যাচ বুধবার ঢাকায়

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:৫৬

এএফসি কাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার

করোনার কারণে আবাহনী মনে করেছিল আগামী ১৪ এপ্রিল ঢাকায় এএফসি কাপের প্রথম ম্যাচটি হবে না বা আবাহনীকে খেলতে হবে না। সেটা হচ্ছে না। এএফসি সাফ জানিয়ে দিয়েছে আবাহনীকে ১৪ এপ্রিল ঢাকায় প্রথম ম্যাচ খেলতেই হবে। আবাহনীর প্রতিপক্ষ নির্ধারণ হয়ে গেছে, মালদ্বীপের ঈগলস ক্লাব ঢাকায় আসবে। পরশু রাতে ঈগলস ক্লাব ভুটানের থিম্পু সিটি এএফসির বিপক্ষে ২-০ গোলে জিতেছে। মালদ্বীপে হওয়া এই ম্যাচটির পর আবাহনী আর অপেক্ষা করতে পারছে না। আগামী বুধবার ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি হচ্ছে প্লেঅফ ম্যাচ ওয়ান। এই ম্যাচ জিতলে ভারত এবং নেপালের একটি দলের বিপক্ষে আবাহনীকে খেলতে হবে। ভারতের ক্লাব জিতলে ভারতে যেতে হবে। আর নেপালের ক্লাব জিতলে নেপালের দল ঢাকায় আসবে খেলতে। এটা নির্ভর করছে ফুটবল র্যাংকিংয়ের ওপর। বুধবারের ম্যাচ এবং পরবর্তী ম্যাচ অতিক্রম করতে পারলে আবাহনী ঢুকবে এএফসি কাপের মূল গ্রুপে। যেখানে আগেই যোগ্যতার ভিত্তিতে গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস, ভারতের এটিকে মোহনবাগান এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। এখন চতুর্থ দল নির্ধারণের বাছাই চলছে।

ম্যাচ খেলতে হবে এমনটা জেনে হাফ ছেড়ে বেঁচেছেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস। গতকাল বিকালে ধানমন্ডিতে আবাহনীর মাঠে যখন খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নামছিলেন তখন কোচ বলছিলেন ভালোই হয়েছে। একটা অনিশ্চয়তা ছিল। ঢাকায় খেলব নাকি দেশের বাইরে অন্য কোনো ভেন্যুতে খেলব নাকি করোনার কারণে খেলাই হবে না। এখন একটা সিদ্ধান্ত হওয়ায় ভালো হয়েছে। এসব কথা বলতে বলতে মাঠের ভেতরে খেলোয়াড়দের ঘিরে দাঁড়ালেন কোচ মারিও লামোস। তার খেলোয়াড়দের কাছে জানতে চাইছিলেন ঈগলস এফসির খেলাটা তারা দেখেছিলেন কিনা। কার কী মতামত জানতে চাইলেন। খেলোয়াড়রাও বলছিলেন নিজেদের মতামত।

  এএফসি জানিয়েছে, কোভিডের কারণে স্টেডিয়ামে দর্শক ঢুকতে পারবে না। এটা আবাহনীর জন্য সুবিধা-অসুবিধা দুটোই। কোচ বলছেন, দর্শক থাকলে ভালো হতো। আর খেলাটা যদি মালদ্বীপে হতো সেখানেও দর্শক পাওয়া যেত।’  দলের ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রূপু বললেন, ‘দর্শক না থাকলেও মাঠ এবং পরিবেশ সবার চেনা, এ সুবিধাও পাওয়া যাবে।’

আবাহনী ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রান্সিসকো তোরেসকে ছেড়ে দিয়ে পুরোনো স্ট্রাইকার নাইজেরিয়ান সানডেকে আসতে বলেছে। লিগেও খেলবেন সানডে। থাকছেন আফগানিস্তানের মাসিহ সাইঘানী, হাইতির বেলফোট এবং ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্ত স্যান্টস।