আগুনে পুড়ে নিঃস্ব ঘিওরের চার কৃষক পরিবার

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২২:০৫

ঘিওরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চার কৃষক পরিবার এখন নিঃস্ব। এতে ছাই হয়ে গেছে চারটি পরিবারের ১৩টি ঘরের সব মালামাল। বাদ পড়েনি গবাদি পশুও। বুধবার বিকালে সিংজুরী ইউনিয়নের শিহরপুর গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এলাকার লোকজন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে, শিহরপুর গ্রামের মৃত সানু মিয়ার চার ছেলে মো. ফারুক, মো. ওহাব, মো. শাহজাহান ও মো. মান্নান মিয়া সবাই কৃষিশ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন বাড়ির রান্নাঘরে তাদের পরিবারের লোকজন রান্না করছিল। এক পর্যায়ে হঠাত্ রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পাশেই থাকা তাদের ইঞ্জিনচালিত শ্যালো মেশিনের ডিজেলভর্তি ড্রাম ছিল। আগুনে ড্রামটি বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ১০টি ঘর, ছয়টি গাভি, মজুতকৃত তামাক, ধান, চাল, দুটি ছাগল, স্বর্ণালংকার, কাপড় ও নগদ অর্থসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা বলে ধারণা করা হয়। এ ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে।

ক্ষতিগ্রস্ত পরিবারের চন্দ্রবানু বলেন, ‘আমার ছেলেরা সবাই দিনমজুরের কাজ করে সংসার চালায়। হঠাত্ আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে, ভিটেমাটি ছাড়া কিছুই বাকি নেই । এখন আমরা কী খেয়ে বাঁচব, সরকারের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানাই।’ ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের প্রতিনিধি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ ও কার্যসহকারী পিন্স খান।

এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার জানান, ‘আগুন লাগার বিষয়টি প্রথমে ফেসবুকের মাধ্যমে জানতে পারি। পরে তাত্ক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই জন প্রতিনিধি পাঠানো হয়েছিল। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির পরিমাণ রেকর্ড করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। খুব শিগিগরই ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হবে।