সেনাবাহিনী প্রধানের সঙ্গে ভারতের সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাত্

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২২:৩৩

পাঁচ দিনের সফরে ঢাকায় জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে, ১ লাখ টিকা উপহার

ঢাকা সেনানিবাসস্থ সেনা সদর দপ্তরে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে সফররত ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এম নারাভানে। সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যত্ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় বর্ডার রোড অর্গানাইজেশন বাস্তবায়ন, সেনা বৈমানিকদের প্রশিক্ষণ, প্রতিরক্ষাবিষয়ক বিশেষজ্ঞ ও প্রশিক্ষক বিনিময়, পারস্পরিক প্রতিরক্ষা               সহযোগিতা ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় ভারতের প্রশংসনীয় সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল আজিজ। একইভাবে রোহিঙ্গা সংকট সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। সাক্ষাত্কালে ভারতের সেনাবাহিনীর প্রধান সেনা সদরে ভারতে উত্পাদিত ১ লাখ ডোজ কোভিড-১৯-এর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে গতকাল দুপুরে জেনারেল নারাভানে ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে জেনারেল নারাভানে সেনাকুঞ্জে বৃক্ষ রোপণ করেন।

জেনারেল নারাভানের নেতৃত্বে তিন সদস্যের ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সকালে ঢাকায় আসে। সফরকালে ভারতের সেনাবাহিনীর প্রধান আগামী ১১ এপ্রিল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিতব্য ‘আর্মি  চিফস কনক্লেভ’-এ অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে ৪ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বহুজাতিক অনুশীলন ‘শান্তির অগ্রসেনা’ পরিচালিত হচ্ছে। এই অনুশীলনের সর্বাপেক্ষা তাত্পর্যপূর্ণ অধ্যায় ‘আর্মি চিফস কনক্লেভ’, যেখানে অংশগ্রহণকারী দেশসমূহের সেনাপ্রধানগণসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধানগণ ও বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। সফর শেষে ভারতীয় প্রতিনিধিদলটি আগামী ১৩ এপ্রিল ২০২১ তারিখ বাংলাদেশ ত্যাগ করবে।—আইএসপিআর।

এদিকে ভারতীয় সেনাপ্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করবে বলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়েছে।