সরকার মহামারি করোনা মোকাবিলা নয় বরং মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে বিএনপি নেতাকর্মীদের দমন করতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব ফরিদপুরের সালথায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নামে-বেনামে ৪ হাজার জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার এবং হয়রানি-নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে তিনি মামলা প্রত্যাহারসহ গ্রেফতারদের নিঃশর্ত মুক্তি ও সালথায় স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে সালথায় পুলিশি অভিযানের কারণে সারা এলাকা মানুষ শূন্য হয়ে গেছে। সেখানে ভয়, আতঙ্ক ও বিভীষিকাময় পরিবেশ বিরাজ করছে।
বিবৃতিতে তিনি বলেন, সরকারের উদাসীনতা, ব্যর্থতায় বাংলাদেশে করোনা পরিস্থিতি চরম আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশে গত বছরের তুলনায় করোনা ভাইরাস মহামারি এখন আরো প্রকট আকার ধারণ করেছে। ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে। কিন্তু সংকটময় পরিস্থিতি সামাল দিতে আগের মতোই ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে সরকার।
