ফিলিস্তিনের উদ্বাস্তুদের জন্য আবার অর্থসাহায্য দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২২:৩৫

ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য আবারও আর্থিক সহায়তা চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি মানবিক, অর্থনৈতিক ও উন্নয়ন খাতে ২৩ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিচ্ছে। ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের সময় ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য ঐ সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিকে ১ লাখ ফিলিস্তিনিকে টিকা দেবে ইসরাইল। খবর ভয়েস অব আমেরিকা ও ডয়চেভেলের

বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সিতে (ইউএনআরডব্লিউএ) ১৫ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা) ডলার মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীর, গাজা উপত্যকা, লেবানন এবং জর্ডানে প্রায় ৫৭ লাখ ফিলিস্তিনিকে স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে ইউএনআরডব্লিউএ। এদিকে পুনরায় মানবিক সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্রের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এর আগে ২০১৮ সালে ঐ সংস্থাটিকে ‘অবিশ্বাস্যভাবে ত্রুটিপূর্ণ’ একটি সংগঠন হিসেবে অভিহিত করে সহায়তা বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তত্কালীন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিথার নওয়ার্ট জানান, এই সংস্থাতে আর কোনো অতিরিক্ত অর্থসহায়তা দেওয়া হবে না। এতে ক্ষোভ প্রকাশ করে ফিলিস্তিন। ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রকে আমরা আরো একবার আমাদের অংশীদার হিসেবে পাচ্ছি। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। মধ্যপ্রাচ্য জুড়ে সবচেয়ে অসহায় শরণার্থীদের জন্য গুরুতর সহায়তা এবং প্রতিদিন লাখ লাখ শরণার্থীকে শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের আমাদের লক্ষ্য পূরণে এই সহায়তা বেশ গুরুত্বপূর্ণ।

ব্লিংকেন বলেন, পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি শরণার্থীদের অর্থনৈতিক এবং উন্নয়নে সাড়ে ৭ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) কর্মসূচিতে আরো ১ কোটি ডলার সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঐ বিবৃতিতে আরো জানানো হয়েছে যে, ওয়াশিংটন ‘অত্যাবশ্যক সুরক্ষা সহায়তা’ চালু করবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে গত মার্চে ইসরাইল ঘোষণা দিয়েছিল, ইসরাইলে কাজ করার অনুমতি আছে এমন ১ লাখ ফিলিস্তিনিকে টিকা দেওয়া হবে।

ফিলিস্তিনের প্রতিক্রিয়া

ফিলিস্তিন জানিয়েছে, তারা খুবই আগ্রহভরে ত্রাণসাহায্যের প্রত্যাশা করছে। তারা আমেরিকার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক চালুরও অপেক্ষায় আছে। ফিলিস্তিনিরা এমন এক রাষ্ট্র চান, যার রাজধানী হবে জেরুজালেম।

ক্ষুব্ধ ইসরাইল

বাইডেনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরাইল। তাদের প্রতিক্রিয়া, তথাকথিত উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের এজেন্সির থাকারই দরকার নেই। আমেরিকায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত বলেছেন, বাইডেন প্রশাসনের সিদ্ধান্তে তিনি হতাশ এবং তাদের এই নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে।