হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক ইস্যুতে হেফাজত কর্মীদের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও রয়্যাল রিসোর্টে ভাঙচুর মামলায় এজহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। সোনারগাঁও থানার উপপরিদর্শক ইয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রামের আবদুল কাদিরের ছেলে রাজু, আবু রায়হান, মোক্তার হোসেনের ছেলে ইমরান ও খাসনগর দিঘিরপাড় গ্রামের আবদুল মতিনের ছেলে আকাশ। এর আগে রিসোর্টে হামলার ঘটনায় গত মঙ্গলবার রাতে সোনারগাঁওয়ের বাংলাবাজার এলাকা থেকে মো. মোস্তফা নামে এক জনকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁওয়ে ভাঙচুর, সহিংসতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সোনারগাঁও থানা পুলিশের দুই কর্মকর্তা বাদী হয়ে দুটি মামলা করেন। দুটি মামলায় মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে এবং ৫০০-৬০০ অজ্ঞাতনামা আসামি করা হয়। সাংবাদিক হাবিবুর রহমানের ওপর হামলার ঘটনায় হেফাজত কর্মীদের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক আসামি করা হয়।
