সিলেটে নিরাপত্তা জোরদার, সব থানায় এলএমজি পোস্ট

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২২:৪২

হামলাসহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় সিলেট মহানগর পুলিশ ও জেলার সব থানায় লাইট মেশিনগান (এলএমজি) পোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে ঝুঁকি বিবেচনায় প্রতিটি থানায় ৩০ থেকে ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়।  পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বুধবার রাত থেকে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার গোলঘরে সিমেন্টের বস্তা দিয়ে পোস্ট তৈরি করতে দেখা গেছে। দায়িত্বরত পুলিশ সদস্য এলএমজি নিয়ে সেখানে বসে আছেন। অনেক থানার ছাদে ও সামনের ফাঁকা স্থানে এ ধরনের পোস্ট দেখা যায়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ সংবাদমাধ্যমকে জানান, এসএমপির সব থানা, ফাঁড়ি ও স্থাপনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি জানান, শুধু থানা ফাঁড়ি নয়, সরকারি সব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ফোর্স রাখা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে। সিলেট জেলার ১১ থানাতেও এলএমজি পোস্ট বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন। তিনি জানান, ইতিমধ্যেই সব থানায় এলএমজি সরবরাহ করা হয়েছে। প্রতিটি থানায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো দুষ্কৃতকারী কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা করে আর পার পাবে না।