সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় দুই সপ্তাহ পূর্ণ লকডাউনের সুপারিশ করেছে কোভিড-১৯ মোকাবিলায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
গত বুধবার (৭ এপ্রিল) রাতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ৩০তম সভায় এমন কথা উঠে আসে। কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কমিটির সুপারিশ বলা হয়েছে, অন্তত দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন ছাড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা যাবে না। বিশেষ করে সিটি করপোরেশন এবং মিউনিসিপ্যালিটি এলাকায় দুই সপ্তাহ পূর্ণ লকডাউন রাখতে হবে। দুই সপ্তাহ পর সংক্রমণ হার বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

ছবি: আব্দুল গনি
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮টি নির্দেশনা জারি করা হয়েছে। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও বিধিনিষেধ দেওয়া হয়। এগুলো সঠিকভাবে মানা হচ্ছে না, তাই সংক্রমণের হার বাড়ছে।
এছাড়া ভ্যাকসিন সরবরাহ বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানি করে টিকাদানের সুপারিশও করেছে কমিটি।
করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে শপিংমল, দোকানপাট, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
এরপর বুধবার (৭ এপ্রিল) থেকে সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত দেয় সরকার।
আজ শুক্রবার (৯ এপ্রিল) থেকে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকান খোলা রাখা জন্য গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
ইত্তেফাক/এএএম
