নাইজেরিয়ার আততায়ীদের হামলায় সেনাবাহিনীর এক অফিসার সহ ১০ সৈনিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দেশটির বেনু রাজ্যে এই ঘটনা ঘটে। ঘটনার পর নাইজেরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হামলাকারীদের বিরুদ্ধে সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, নাইজেরিয়া সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ এরিমা বলেন, রুটিন অভিযান পরিচালনার সময় প্রাথমিকভাবে সেনারা নিখোঁজ হয়। এরপর অনুসন্ধান এবং উদ্ধারকারী দল তাদের মৃতদেহ খুঁজে পায়। ঘটনার হোতাদের খুঁজে বের করতে কাজ চলেছে জানিয়ে তিনি বলেন, এই ধরনের ঘৃণ্য অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
এই ঘটনাকে ‘বিনা উসকানিতে’ আক্রমণ বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর একজন মুখপাত্র ।
একটি সূত্র জানিয়েছে, অপরাধীদের খুঁজে বের করতে সেনাবাহিনীর পরিচালিত অভিযানের ভয়ে বেসামরিক নাগরিকরা কোনসিসায় পালিয়ে যাচ্ছে। সেখানে এক স্থানীয় নেতার বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।
গত সোমবার নাইজেরিয়ার দক্ষিণে ভারি অস্ত্রধারীরা হামলা চালিয়ে ১৮শ কারাবন্দীকে মুক্ত করে নিয়ে যায়। এছাড়া সাম্প্রতিক মাসে বন্দুকধারীরা উত্তরপশ্চিম নাইজেরিয়ার স্কুল থেকে কয়েকশ স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে।
ইত্তেফাক/এএইচপি
