অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:২১

বিনোদন রিপোর্ট

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিংয়ে অংশ নিতে মুম্বাই পাড়ি জমিয়েছিলেন দীঘি। কিন্তু সেখানে আবারো লকডাউন জারি হওয়ায় দেশে ফিরতে পারছিলেন না তিনি। টিকেট জটিলতায় সেখানেই আটকে থাকতে হয় তাকে। অবশেষে গতকাল দেশে ফিরেছেন তিনি।

দেশে ফেরা প্রসঙ্গে বলতে গিয়ে দীঘি বলেন, ‘অবশেষে দুই সপ্তাহের বেশি সময় পর ঢাকায় ফিরলাম। অনেক ভয় কাজ করছিল। এখন ভালো লাগছে। স্বস্তি অনুভব করছি। তবে মুম্বাই থেকে চলে আসার সময় খারাপও লাগছিল। কারণ এতদিন একটা টিমের সঙ্গে ছিলাম। একটা মায়া তৈরি হয়েছে। সবাইকে মিস করবো খুব।’

দেশে ফিরেই নিজের অসমাপ্ত কাজগুলো শেষ করার কথা জানান তিনি। দীঘি বলেন, ‘অনেক শঙ্কা কটিয়ে দেশে ফিরলাম। আমার ফেরাটাও জরুরি ছিল। কারণ এখানে বেশকিছু ছবির কাজ বাকি আছে। এখন অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।’

উল্লেখ্য, ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল বঙ্গবন্ধুর বায়োপিকটি নির্মাণ করছেন। বায়োপিকে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রের অভিনয় করছেন দীঘি। গত ২৫ মার্চ দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিতে মুম্বাইয়ে গিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী জনপ্রিয় এই শিল্পী।