‘তোমার চোখে আকাশ আমার’সহ এদেশের একাধিক রোমান্টিক গানের সিদ্ধহস্ত গীতিকবি জাহিদ আকবর এবারের ঈদে বেশকিছু গান নিয়ে আসছেন। এর ভেতরে দুটি চলচ্চিত্রের গান রয়েছে। এছাড়া ক’জন গুণী আধুনিক শিল্পীর গান লিখছেন তিনি। জাহিদ আকবর বলেন, ‘কখনো স্টুডিও যাইনি বা বসে থাকিনি গান লেখার জন্য। আমার গীতিকাব্যের যারা প্রেমে পড়েন তাদেরই শুধু কাজ করেছি। এছাড়া সারাবছর গানের অফারে না বলাটাই আমার বেশি হয়ে থাকে। এ কারণে অনেকে আমাকে দাম্ভিকও ভাবেন। কিন্তু সত্যিই আমি আমার মুড না এলে লিখতে পারি না কিছু! গত ১ বছর ধরে যে টানাপোড়েনের শহরে খাচ্ছি-দাচ্ছি ঘুমাচ্ছি, তাতে রোমান্টিক গান লেখা কষ্টকর। তবু এর ভেতরে বেশকিছু কাজ করেছি। সেগুলো হয়েছে সুরকারদের আমার কাব্যের প্রতি বিশ্বাস থেকে।’ উল্লেখ্য, অতিমারির এই বিষাদ পরিস্থিতির কারণে এ বছর বইমেলায় কোনো নতুন বইও প্রকাশ করেননি তিনি।
