সাতকানিয়ায় যুবক খুন

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৩৫

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাতকানিয়ায় বন্ধুকে উদ্ধার করতে গিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের কুড়ালের কোপে মো. তারেক নামের এক যুবক খুন হয়েছেন। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের মুহুরীপাড়ার ছিদ্দিক আহমদের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের নুনুর বাপের হাটের উত্তর পাশের মাঝের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছুরিকাঘাতে ছদাহা ইউনিয়নের মুহুরী পাড়ার শাহ আলমের ছেলে মো. হেলাল উদ্দিন ও একই ইউনিয়েনের হাসমতের দোকান এলাকার ভূঁইয়া বাড়ির মো. এনামুল হকের ছেলে মো. শহিদ পিটুনিতে গুরুতর আহত হয়েছেন। সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত দুই জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।