মুন্সীগঞ্জে সাড়ে ৩৬ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২২:০৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  প্রায় সাড়ে ৩৬ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও তা তৈরির কাজে ব্যবহূত সরঞ্জাম জব্দ করেছে নৌপুলিশ। গতকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পঞ্চসারের বিনোদপুর ও সরদারপাড়া এলাকার কয়েকটি কারখানায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের ইনচার্জ কবির হোসেন খান জানান, অভিযানে ৩ হাজার ৪১০ পাউন্ড কারেন্ট জাল, ৩৩ হাজার পিস সুতার ববিন ও ৩২ হাজার পিস সুতার লাচ্ছি জব্দ করা হয়। তবে কাউকে গ্র্রেফতার করা সম্ভব হয়নি। অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা মত্স্য কর্মকর্তা ডা. আবদুল আলিম, সদর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. টিপু সুলতান। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।