স্নাতকদের দক্ষ করতে ঢাবিতে বিশেষ কর্মসূচি

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২২:০৬

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের দক্ষ ও যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তীব্র প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং এসডিজি অর্জনে অবদান রাখতে সক্ষম যথোপযুক্ত দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের ভাষা দক্ষতা অর্জন ও তাদের নিয়োগযোগ্য করে গড়ে তোলার জন্য ‘গ্র্যাজুয়েট প্রমোশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম নিয়মিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, বিভাগ, শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে আন্তঃসম্পর্ক ও আন্তঃসহযোগিতার জন্য সমঝোতা চুক্তি অথবা বিনিময় চুক্তি সম্পাদন করবে। শিক্ষার্থীদের বাংলা, ইংরেজিসহ অন্য যে কোনো একটি আন্তর্জাতিক ভাষা শেখার জন্য উদ্যোগ নেওয়া হবে। জাতীয়, আন্তর্জাতিক, বহুজাতিক সরকারি, বেসরকারি সংস্থা অথবা প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েটদের নিয়োগযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রায়োগিক জ্ঞান শেখানোর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের দক্ষ করে তুলবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষদসমূহের ডিনবৃন্দ নিজ নিজ অনুষদভুক্ত বিভাগের চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের পরিচালকগণ সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে কতিপয় মৌলিক, প্রাত্যহিক, প্রায়োগিক, ব্যবহারিক (যেমন-চালচলন, সৌজন্যবোধ, কর্পোরেট শিষ্টাচার, উপস্থাপনা, প্রযুক্তির ব্যবহার, ভাষার দক্ষতা প্রভৃতি) বিষয়ে মৌলিক নীতিমালা প্রণয়ন করে সেই আলোকে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের হাতে-কলমে এক থেকে দুই সপ্তাহ প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করবেন। এ ছাড়া, সিন্ডিকেট সভায় একাডেমিক পরিষদের সুপারিশ অনুযায়ী ২৫ জন গবেষককে পিএইচডি, এক জন গবেষককে ডিবিএ এবং ২২ জন গবেষককে এমফিল ডিগ্রি দেওয়া হয়।