মানসম্মত ওয়েবসাইট হয়নি দেড় দশকেও

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২২:০৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আহসান জোবায়ের, জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার ১৫ বছর পরও মানসম্মত ওয়েবসাইট নির্মাণ ও সঠিকভাবে তথ্য হালনাগাদ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক যুগ পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে নেই প্রতিটি বিভাগের শিক্ষকদের ছবিসহ বিস্তারিত তথ্য। কোনো শিক্ষকের ছবি থাকলেও নেই বিস্তারিত তথ্য। আবার কোনো কোনো শিক্ষক সম্পর্কে তথ্য থাকলেও নেই ছবি। বিভিন্ন বিভাগের চেয়ারম্যান দায়িত্বে নিযুক্ত থাকা শিক্ষকরা জীবনবৃত্তান্ত হালনাগাদ করেননি। এ জন্য শিক্ষক ও আইটি কাজে সংশ্লিষ্ট কর্মকর্তা একে অপরকে দুষছেন। রয়েছে সমন্বয়হীনতা।

দেখা যায়, ওয়েবসাইটে প্রতিটি বিভাগের জন্য আলাদা সেকশন আছে। কোনো কোনো বিভাগের পাবলিকেশন, ফ্যাকাল্টি মেম্বার, মেসেজ ফ্রম চেয়ারম্যান সেকশন বাদে বাকি সেকশনগুলোতে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। প্রতিটি বিভাগের তথ্য হালনাগাদ সর্ম্পূণভাবে নেই। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙুয়েজ এর শিক্ষকদের সম্পর্কে নেই কোনো ছবিসহ বিস্তারিত তথ্য। এই দুটি সেকশনে শিক্ষকদের মোবাইল নম্বর ও পদবি দেওয়া আছে। এসব ইনস্টিটিউট সম্পর্কেও নেই সুনির্দিষ্ট ও বিস্তারিত তথ্য। এ ছাড়া ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, হল অব রেসিডেন্স, টিউশন অ্যান্ড ফি, কন্টাক্ট ফর অ্যাডমিশন, গ্র্যাজুয়েট অ্যাডমিশন, আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশন সেকশনে প্রতিটি বিষয় সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া নেই। স্কলারশিপ, ট্রান্সপোর্ট, ইনফ্রাস্টকচারাল ডেভলপমেন্ট, ফিজিক্যাল এডুকেশন সেন্টার সেকশনে তথ্যের বিবরণী থাকলেও নেই কোনো ছবি। মেডিক্যাল সেন্টার, ক্যাফেটেরিয়া, সাইবার সেন্টার সেকশনে ছবি থাকলেও নেই তথ্যের বিবরণ।

শিক্ষকদের তথ্য হালনাগাদ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নুরুল আমিন বলেন, তিনি শিক্ষকদের জীবনবৃত্তান্ত হালনাগাদ করতে বলেছিলেন, তারা তা করেননি । নতুন করে এ ব্যাপারে উদ্যোগ নেবেন তিনি।