হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনা
ইত্তেফাক রিপোর্ট
ফাঁকা রাস্তায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল যাত্রাবাড়ীর দুই বন্ধু মাহমুদুল হাসান রোহিত ও শেখ মারজান। পথিমধ্যে মেয়র হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তারা। পরে এক পথচারী তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মাহমুদুলকে মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মাসুদ রানা জানান, মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় দোলাইরপাড় প্রান্তে মোটরসাইকেলসহ দুই জনকে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে নিলে চিকিত্সক মাহমুদুলকে মৃত ঘোষণা করেন। আহত মারজান চিকিত্সাধীন রয়েছেন। তবে তারা কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়েছেন নাকি নিজেরাই মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়েছিলেন সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।
খবর পেয়ে হাসপাতালে আসেন নিহত মাহমুদুলের বড় ভাই মাজহারুল হাসান রাজু। তিনি জানান, তাদের বাসা দক্ষিণ যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে। তিন ভাই, এক বোনের মধ্যে সবার ছোট মাহমুদুুল। গুলিস্তানে একটি গেঞ্জির দোকানে চাকরি করত। জুম্মার নামাজের পর বন্ধু মারজানের মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিল দুই জন। আহত মারজানের ভগ্নিপতি সাজ্জাদ হোসেন জানান, মারজান পরিবারের সঙ্গে শহীদ ফারুক রোডে থাকত। ফার্মগেটে একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আর্কিটেকচারে প্রথম বর্ষের ছাত্র সে। পাশাপাশি ব্যবসা করত।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মাহমুদুলের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর মারজানকে জরুরি বিভাগে চিকিত্সা দেওয়া হচ্ছে। তার অবস্থাও গুরুতর। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে আপাতত জানা সম্ভব হয়নি।
