প্রাথমিক দলে তিন তরুণ পেসার

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২২:০৮

পাঁচ বছর পর ডাক পেলেন শুভাগত

 স্পোর্টস রিপোর্টার

দেশের টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলছেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট দলের বিবেচনায় নেই বছরখানেক হলো। ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও পারেন- শ্রীলঙ্কা সফরে এমন কারো খোঁজে ছিলেন নির্বাচকরা। পুরনো মুখ শুভাগত হোম চৌধুরীর মাঝেই মিলেছে সমাধান। তাই প্রায় বিস্মৃত হতে চলা, শুভাগত পাঁচ বছর পর টেস্টের প্রাথমিক দলে ডাক পেলেন।

এবার অবশ্য চন্ডিকা হাথুরুসিংহে যুগের মতো স্পিনিং অলরাউন্ডার নয়, ব্যাটিং অলরাউন্ডার ভূমিকায় শুভাগতকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। গতকাল শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ২১ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন তিন তরুণ পেসার। তারা হলেন শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ। মূলত শ্রীলঙ্কা নেট বোলারও দেবে না বলেই বহরটা বড় করতে হয়েছে বাংলাদেশকে। আগামী ১২ এপ্রিল ঢাকা ছাড়বে মুমিনুল হকের দল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে থাকা সৌম্য সরকার বাদ পড়েছেন। চোটের কারণে পেসার হাসান মাহমুদও যেতে পারছেন না। আইপিএলে ব্যস্ত মুস্তাফিজও নেই। বরাবরের মতোই প্রাথমিক দলে রাখা হয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও ডানহাতি পেসার খালেদ আহমেদকে। কলম্বো পৌঁছে নেগোম্বোতে তিন দিনের রুম কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ দল। পরে কোয়ারেন্টাইনে থেকেই দুই দিন অনুশীলন সুবিধা পাওয়া যাবে। কাতুনায়েকেতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ১৭-১৮ এপ্রিল। তারপর ক্যান্ডিতে গিয়ে দুই দিন অনুশীলনের পর পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল। ৪ মে দেশে ফিরবে বাংলাদেশ দল।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই বলেছেন, শ্রীলঙ্কায় গিয়ে প্রস্তুতি ম্যাচের পর দুই টেস্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে। ২০১৬ সালে সর্বশেষ টেস্ট খেলা শুভাগত হোমকে ফেরানোর কারণ জানাতে গিয়ে প্রধান নির্বাচক গতকাল বলেছেন, ‘ওকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করেছি। এনসিএলে শেষ ম্যাচেও সেঞ্চুরি করেছে, ৬ উইকেট নিয়েছে। খেলার মধ্যে আছে, অভিজ্ঞও।’ প্রথমবার ডাক পাওয়া তরুণ পেসার ত্রয়ীর জন্য লঙ্কা সফর বড় সুযোগ। জাতীয় দলের সঙ্গে থেকে নিজেদের প্রস্তুত করা, মেলে ধরার সুযোগ পাবেন।

শ্রীলঙ্কা সফরের ২১ সদস্যের প্রাথমিক দল

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।