শিরোপায় নজর দুই পরাশক্তির

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২২:০৮

মৌসুমের শেষ এল-ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক

‘আমি চাই না এটা মেসির শেষ ক্লাসিকো হোক। তাকে থাকতে দিন। সে বার্সাতেই ভালো। সে থাকলে লা লিগাও উপকৃত হবে।’

—জিনেদিন জিদান

রিয়াল মাদ্রিদ ম্যানেজার

‘এই মৌসুমে অনেক বেশি সমালোচনা শুনতে হয়েছে মাদ্রিদকে। যারা সমালোচনা করে তাদের পক্ষ নিতে পারছি না আমি।’

—রোনাল্ড কোম্যান

বার্সেলোনা ম্যানেজার

মৌসুমের শেষ প্রান্তে এসে হঠাত্ করেই জমে উঠেছে লা লিগা। অ্যাটলেটিকো মাদ্রিদের সাম্প্রতিক অধঃপতনের অপর প্রান্তে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জয়রথ অব্যাহত থাকায় তিন পয়েন্টের ব্যবধানে চলে এসেছে এই তিন দল। আজ রিয়াল ও বার্সার সামনে সুযোগ থাকছে অপর দলকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার। লা লিগায় মৌসুমের সর্বশেষ এল-ক্লাসিকোতে আজ মাদ্রিদের ডি স্টেফানো স্টেডিয়ামে মাঠে নামছে এই দুই স্প্যানিশ পরাশক্তি।

বার্সেলোনার মৌসুমটা শুরু হয়েছিল বেশ বাজেভাবে। প্রথম ১০ ম্যাচে দল জয় পেয়েছিল মাত্র চারটিতে। গত ৩২ বছরে এর চেয়ে বাজেভাবে মৌসুম শুরু করেনি বার্সা। কিন্তু সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে রোনাল্ড কোম্যানের দল। পরের ১৯ ম্যাচের ১৬টিতেই জিতেছে কাতালানরা, হারেনি একটিতেও। এই ঘুরে দাঁড়ানোর পেছনে যেমন অনুঘটক হিসেবে কাজ করেছে মূল তারকা লিওনেল মেসির ছন্দে ফেরা, তেমনি অনুঘটক হিসেবে কাজ করেছে পেদ্রি, সার্জিনো ডেস্ট, অস্কার মিনগুয়েজা, ত্রিনকাওয়ের মতো তরুণদের উত্থান। এর সঙ্গে ডাগআউটে ম্যানেজার কোম্যানের দক্ষতায় আবারো লিগ শিরোপার স্বপ্ন দেখছে কিউলরা। তবে সেই স্বপ্নপূরণের লক্ষ্যে আজ বড় একটি বাধার সামনে পড়তে যাচ্ছে মেসিরা।

এদিকে বার্সার মতোই ছন্দে আছে শিরোপা ধরে রাখার মিশনে থাকা রিয়াল মাদ্রিদ। একের পর এক ইনজুরির কারণে বারবার একাদশ পরিবর্তিত হলেও মাঠের ফুটবলে ঠিকই ফলাফল বের করে আনছে জিনেদিন জিদানের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচ ধরে অপরাজিত আছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে পাওয়া আগ্রাসি জয়ের স্মৃতি এখনো তাজা ডি স্টেফানো স্টেডিয়ামে। এর সাথে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় জিদানের শিষ্যদের অসাধারণ রেকর্ডের দিকে তাকালেই বোঝা যায় আজ জয়ের জন্য কতটা মরিয়া হয়ে থাকবে করিম বেনজেমারা। আজকে জিতলেই বার্সাকে টপকে টেবিলের দুইয়ে চলে যাবে মাদ্রিদ।

আজকের ম্যাচ দিয়ে বার্সার দলে ফিরছেন সেন্টার-ব্যাক জেরার্ড পিকে ও ফুলব্যাক সার্জিও রবার্তো। আর আজকের ম্যাচেও সার্জিও রামোস ও রাফায়েল ভারান, প্রধান দুই সেন্টারব্যাকের কাউকেই পাচ্ছেন না জিদান। তবে এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন ইডেন হ্যাজার্ড।