বিশ্বে প্রথম বারের মতো জীবিত দাতার ফুসফুসের টিস্যু করোনা আক্রান্ত রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের চিকিত্সকরা ফুসফুসের টিস্যু প্রতিস্থাপনের এই কঠিন কাজটি করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এটিই কোনো করোনা রোগীর শরীরে বিশ্বে প্রথম জীবিত দাতার কাছ থেকে ফুসফুসের টিস্যু প্রতিস্থাপন। এর আগে চীন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ২০ থেকে ৪০টি ফুসফুস প্রতিস্থাপনের অপারেশন হয়েছিল, তবে সবই করা হয়েছিল ব্রেইন-ডেড দাতাদের শরীর থেকে।
সিএনএনের খবরে বলা হয়েছে, কানসাই অঞ্চলে বসবাসকারী মহিলার দেহে বুধবার প্রায় ১১ ঘণ্টার অস্ত্রোপচার চালানো হয়। গত বছর করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মারাত্মক ধরনের নিউমোনিয়ায় আক্রান্ত হন ঐ নারী। হূিপণ্ড ও ফুসফুসের বদলে কাজ করা ইসিএমও যন্ত্র ব্যবহার করে তার চিকিত্সা করা হয় এবং শেষ পর্যন্ত তার করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল পাওয়া যায়। তবে ফাইব্রোসিস জটিলতা দেখা দেওয়ায় ফুসফুসের অধিকাংশ কার্যক্ষমতা তিনি হারিয়ে ফেলেন এবং আরোগ্য লাভের কোনো সম্ভাবনা তার ছিল না। ঐ নারীর স্বামী এবং ছেলে দাতা হওয়ার জন্য এগিয়ে এলে চিকিত্সকরা ফুসফুসের সেই অংশ তাদেরটা ব্যবহার করে প্রতিস্থাপন করেন। হাসপাতাল বলছে, ঐ নারীকে এখন নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিত্সা দেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তিন মাসের মধ্যে তিনি সম্ভবত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তারা বলছেন, তার স্বামী এবং ছেলেও ভালো আছেন।
