গাজীপুরে রহস্যজনক আগুনে পুড়ে গেছে তিনটি বাস

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২২:৪০

গাজীপুরে বৃহস্পতিবার মধ্যরাতে রহস্যজনক আগুনে পুড়ে গেছে পার্কিং করে রাখা আন্তঃজেলা পরিবহনের তিনটি যাত্রীবাহী বাস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ‘কে চৌধুরী ফিলিং স্টেশন’-এর প্ল্যাটফরমে প্রায় প্রতিরাতে বিভিন্ন আন্তঃজেলা সার্ভিসের বাসসহ একাধিক গাড়ি পার্কিং করে রাখেন শ্রমিকরা। বৃহস্পতিবার রাতেও আন্তঃজেলা বিভিন্ন সার্ভিসের চারটি বাস সেখানে পার্কিং করে রেখে শ্রমিকরা গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ২টার দিকে পার্কিং করে রাখা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসে হঠাত্ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশেই পার্কিং করে রাখা এনা পরিবহনের অপর দুটি বাসে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন। আগুনে ওই তিনটি বাসের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।