মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে গ্যাসের চরম সংকট

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২২:৪০

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে তীব্র গ্যাসের সংকট থাকায় মিল-কারখানায় উত্পাদন বন্ধ হয়ে প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, গ্যাস সংকট সমাধানের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কো. লি.-এর কাছে অভিযোগ দেওয়ার পরও তারা বিষয়টি আমলে নিচ্ছে না। গ্যাস সংকটে বিদেশি বায়ারদের অর্ডার বাতিল হচ্ছে বলে জানিয়েছে মালিকপক্ষ।

তবে তিতাসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইঞ্জিনিয়ার মো. আজগর আলী অভিযোগ অস্বীকার করে বলেছেন, কমপ্রেসারের মূল পাইপে গ্যাসের চাপ না থাকায় ও বিভিন্ন স্থানে রক্ষণাবেক্ষণের কাজ হওয়ায় গ্যাসের সমস্যা হচ্ছে। কবেনাগাদ সমাধান হবে তাও অনিশ্চিত বলে তিনি উল্লেখ করেন। শুক্রবার গোড়াই শিল্পাঞ্চলের কয়েকটি কারখানা ঘুরে শিল্পে গ্যাস না থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

গোড়াই শিল্পাঞ্চলের শ্রমিক সংগঠনের নেতা মো. আশরাফ খান ও ফিরোজ হায়দার খানসহ একাধিক শ্রমিক সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন গোড়াই শিল্পাঞ্চলে ছোট-বড় মিলে শতাধিক মিল-কারখানা রয়েছে। এসব কারখানায় উত্পাদন মূলত গ্যাসের ওপর নির্ভরশীল। এসব শিল্পকারখানায় প্রায় ৩০-৪০ হাজার শ্রমিক চাকরি করে জীবন ও জীবিকা নির্বাহ করে আসছে। গ্যাসের চাপ না থাকায় উত্পাদন শূন্যের কোঠায় নেমে মিল বন্ধ হয়ে শ্রমিকদের চাকরি হারাতে হচ্ছে। এছাড়া অনেক মালিক পক্ষও শত শত কোটি টাকার লোকসানের কথা বলে বেতন বন্ধ রাখছে।

এ ব্যাপারে নাহিদ কটন মিলস লি. এবং ডেলসি কটন স্পিনিং মিলস লি.-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. শহিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গোড়াই শিল্প এলাকায় ৫০ পিএসআইজি লাইনে গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে না। চার-পাঁচ বছর আগে প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য ছিল চার টাকা ১৮ পয়সা। দফায় দফায় দাম বাড়ানোর ফলে বর্তমানে এই গ্যাসের দাম হয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা। দাম বাড়ানো হলেও গ্যাসের সেবার মান একটুকুও বাড়েনি। এ ব্যাপারে শিল্পমালিকদের সংগঠন গোড়াই-কালিয়াকৈর-কোনাবাড়ী ইন্ডাস্ট্রিয়াল ফোরামের সভাপতি  বিধান কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন গোড়াই, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় শতাধিক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিল্পপ্রতিষ্ঠানে গত তিন-চার মাস ধরে দিন-রাত মিলে দুই-তিন ঘণ্টাও গ্যাস পাওয়া যাচ্ছে না। তবে এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কো. লি. টাঙ্গাইল জোনাল অফিসের ম্যানেজার মো. আব্দুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গোড়াই এলাকার শিল্পমালিকদের পক্ষ থেকে গ্যাস না থাকার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কমপ্রেসারের মূল লাইনে গ্যাসের চাপ না থাকায় শিল্পে উত্পাদন সমস্যার সৃষ্টি হচ্ছে।