সহিংসতায় আরো দুই জন নিহত, চতুর্থ দফার ভোট আজ

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২২:৪৬

পশ্চিমবঙ্গে নির্বাচনি উত্তাপ, সংঘর্ষ বাড়ছেই। সহিংসতা ছড়িয়ে পড়েছে কলকাতায়ও। রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন আরো দুই জন। এদিকে আজ শনিবার পশ্চিমবঙ্গে চতুর্থ দফায় পাঁচ জেলার ৪৪ আসনে ভোট গ্রহণ হবে। ভাগ্য নির্ধারিত হবে তৃণমূলের ছয় মন্ত্রী, বিজেপির দুই এমপি এবং সাত চলচ্চিত্র তারকার।

রাজনৈতিক বাগ্যুদ্ধ অব্যাহত রয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে দেশের কাজ ছেড়ে সহিংসতা ছড়ানোর অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর গতকাল কলকাতায় এক নির্বাচনি প্রচারণায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে মমতা ব্যানার্জি এবং তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে নোটিশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। তাদের দুই জনেরই এর জবাব দেওয়া উচিত। এদিকে গত ৭ মার্চ নন্দীগ্রামে মমতা ব্যানার্জি আহত হওয়ায় তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে সহিংসতায় এখন পর্যন্ত কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন। গত ২৭ মার্চ নন্দীগ্রামে ভোটের দিন সংঘর্ষে আহত হয়েছিলেন তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্না। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। হুগলির খানাকুলে কানু দলই নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। তৃণমূলের অভিযোগ ১ এপ্রিল  ভোটের দিন তার ওপর বিজেপি হামলা করেছিল। তাদের হামলাতেই ঐ দুই জনের মৃত্যু হয়েছে। কোচবিহারে হামলা হয়েছে তৃণমূলের এক প্রার্থীর ওপর। বৃহস্পতিবার রাতে তৃণমূল, বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার চেতলা অঞ্চল। শুক্রবার কলকাতার কসবায় তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপি, সিপিএমের।

রাজনৈতিক নেতাদের কাদা ছোড়াছুড়ি অব্যাহত রয়েছে। মমতা ব্যানার্জি গতকাল বর্ধমানের মেমরিতে বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের কাজ ছেড়ে সহিংসা ছড়ানোর চক্রান্ত করে চলেছেন। আশঙ্কা প্রকাশ করে মমতা বলেন, বিরোধিতা করছি। তাই আমাকে খুনের পরিকল্পনা করা হতে পারে। আমি কিছুতে ভয় পাই না। যতদিন বাঁচব, কথা বলব। বাঁচলে বাঘের বাচ্চার মতোই বাঁচব। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাজ না করে কোথায় কীভাবে কার ওপর হামলা করা যায়, কীভাবে পুলিশকে দিয়ে মানুষকে ভয় দেখানো যায়—সেসব চক্রান্ত করছেন। কিন্তু আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলব, স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা লাগাচ্ছেন, তাকে নিয়ন্ত্রণ করুন।

এর জবাবে শুক্রবার কলকাতায় সংবাদ সম্মেলনে অমিত শাহ বলেন, আমি বিষয়টি উপেক্ষা করছি। আপনারাও করুন। নির্বাচনে সহিংসতা কম হয়েছে বলেই মুখ্যমন্ত্রীর এতো হতাশা। কারণ তার জেতার একমাত্র উপায় ছিল সহিংসতা।

এদিকে আজ শনিবার চতুর্থ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি ছাড়াও পার্থ চ্যাটার্জি, অরূপ বিশ্বাস, জাভেদ আহমেদ খান, ইন্দ্রনীল সেনসহ ছয় মন্ত্রী, বিজেপির দুই তারকা এমপি বাবুল সুপ্রিয় ও লকেট চ্যাটার্জির ভাগ্য নির্ধারিত হবে। এদিনই বিজেপির প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, পায়েল সরকার, অঞ্জন বসু এবং তৃণমূলের কাঞ্চন মল্লিক, লাভলী মৈত্রেরও ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা।