টিকা রপ্তানি বন্ধ চেয়ে নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর চিঠি

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ০০:০৩

ভারতের অভ্যন্তরীণ চাহিদা পূরণ না করে নরেন্দ্র মোদি সরকারের টিকা রপ্তানি করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এক চিঠিতে টিকা রপ্তানি বন্ধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন। ইন্ডিয়া টুডের এক খবরে এ কথা বলা হয়।

চিঠিতে রাহুল গান্ধী বলেন, দেশের অভ্যন্তরে টিকার সংকট তীব্র। কিন্তু মোদি সরকার ৬ কোটি ডোজ টিকা রপ্তানি করেছে। তিনি বলেন, দেশে যাদের প্রয়োজন তাদের প্রত্যেককে যত দ্রুত সম্ভব টিকা দেওয়া হোক। বর্তমানে যে হারে টিকা দেওয়া চলছে, তা অব্যাহত থাকলে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে।

রাহুল গান্ধীর দেওয়া চিঠিতে মোট ৭ দফা দাবির মধ্যে আরো রয়েছে, টিকা প্রস্তুতকারকদের উত্পাদনক্ষমতা বাড়াতে অর্থ সাহায্য করা, টিকা সংগ্রহের জন্য বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি রুপির জোগানের ব্যবস্থা করা, টিকা সংগ্রহ ও বিতরণসংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারদের আরো ক্ষমতা দেওয়া। রাহুল বলেন, ভারত সাফল্যের সঙ্গে বহু টিকাকরণ প্রকল্প সার্থক করে তুলেছে। অভিজ্ঞতাও প্রচুর। অথচ এবার তিন মাসেও দেশের ১ শতাংশ মানুষকে টিকা দেওয়া যায়নি!