নিরাপত্তা হুমকির কারণে পাকিস্তানের সংসদীয় প্রতিনিধি দলের আফগানিস্তান সফর বাতিল হয়ে গেছে। প্রতিনিধি দলের বিমান কাবুলে নামার ঠিক আগে সফরটি বাতিল করা হয়। শুক্রবার (৯ এপ্রিল) এ খবর দিয়েছে ইয়াহু ফাইন্যান্স।
খবরে প্রকাশ, আফগানিস্তানের জন্য পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক বৃহস্পতিবার (৮ এপ্রিল) একটি টুইট বার্তায় লিখেছেন, নিরাপত্তা হুমকির কারণে কাবুল বিমানবন্দর বন্ধ থাকায় স্পিকারের সফর বাতিল করা হয়। বিমানটি নামার জন্য কন্ট্রোল টাওয়ারের অনুমতির অপেক্ষায় ছিল। পরে এই সফরের নতুন তারিখ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঁচ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলের নেতা ছিলেন পাকিস্তানের সংসদীয় সচিব আসাদ কায়সার। পাকিস্তান-আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করাই তিনদিনের এ সফরের লক্ষ্য ছিল।
প্রাক্তন পাকিস্তানি সিনেটর ফারহাতুল্লাহ বাবর রহস্যজনকভাবে এ সফর বাতিলের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, অবতরণ করার ঠিক আগেই নিরাপত্তার হুমকি দেখা দিয়েছে। সফরের বিষয় কি আগে পরিষ্কার করা হয়নি?
এর আগে, গত বছরের ডিসেম্বরে প্রকাশিত একাধিক ভিডিওতে প্রবীণ তালেবান নেতারা পাকিস্তানে তাদের অনুসারী এবং তালেবান যোদ্ধাদের সাথে দেখা করতে দেখা যায়। কাবুল ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা গত সেপ্টেম্বরে কাতারে শুরু হয়েছিল। ডিসেম্বরের শুরুতে কাবুল ও তালেবান ঘোষণা করে যে তারা আলোচনার কাঠামোর বিষয়ে একমত হয়েছে।
ইত্তেফাক/এসএ
