নতুন বই

মাহমুদুল হক রচনাবলি

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২০:৩৩

বাংলা একাডেমি

প্রচ্ছদ: সব্যসাচী হাজরা। মূল্য: ৪৫২ টাকা

 

মাহমুদুল হক (১৯৪১-২০০৮) বাংলা কথাসাহিত্যে আধুনিকমনস্ক ও স্বতন্ত্র ব্যক্তিত্ব। কাহিনির সঙ্গে অনুগম গদ্যের সমন্বয় সৃজন করে তিনি নতুন সৃষ্টিক্ষমপ্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন। গ্রন্থসংখ্যা এবং প্রকাশকাল বিবেচনা করলেই অনুধাবন করা যায়, মাহমুদুল হক বিরলপ্রজ লেখক।

তাঁর প্রতিটি রচনা স্মারণীয় হয়ে আছে কাহিনির চমত্কারিত্ব, প্রকরণশৈলীর অভিনব সংগঠন, ভাষার সূক্ষ্ম কারুকাজ এবং সংলাপ নির্মাণের অপ্রথাগত রীতির উন্মোচনে। তাঁর গ্রন্থভুক্ত ও অগ্রন্থিত গল্পসমূহ এবং ন’টি উপন্যাসে রয়েছে বিষয়-নির্বাচন, কাহিনিবিন্যাস ও ভাষারীতির নতুন নন্দন নির্মাণের এই প্রয়াস। সমাজ ও সময়সংলগ্ন পরিপার্শ্ব থেকে তিনি তুলে এসেছেন কাহিনি-অন্তরালে সংগুপ্ত মানবিক নির্বেদ, উন্মুলিত ব্যক্তিসত্তার অস্তিত্বসংকট ও জীবনের প্রতি অন্তর্লীন প্রেমানুভব। ব্যক্তিমানুষের প্রতি এই দায়বোধ ও অনন্য শিল্পকৃতির জন্যেই তাঁর রচনা শিল্পের সত্যে জীবন-সমাজ-রাষ্ট্রসংঘের জটিল মেরুকরণের মধ্য দিয়ে জাগ্রত করে নতুন মানবিক সম্পর্কের প্রদেশ। কথাবস্তুতে তিনি তুলে আনেন স্মৃতিসত্তার দেশভাগ, মুক্তিযুদ্ধ, মধ্যবিত্তের যাপিত জীবন।

জীবনানুসন্ধান ও সম্মুখদৃষ্টির সঙ্গে কথাসাহিত্যের একটি স্বতন্ত্র ভাষা নির্মাণ মাহমুদুল হকের অন্বিষ্ট ছিল—যে ভাষা একটি জাতিসত্তার সামূহিক সংগ্রাম, উত্থানপতন, ক্ষয়, সম্ভাবনা ও বিনির্মাণে প্রাণসঞ্চারী এবং স্পন্দমান। তিনি অত্যন্ত সচেতন অভিনিবেশে একটি রুচিশীল সাহিত্যিক ও সৃজনশীল গদ্য নির্মাণে অন্বেষী হয়েছিলেন। তাঁর গদ্য নিছক কলাকৈবল্যবাদের বিচ্ছিন্নতাসন্ধানী চোরাবালিতে পথভ্রান্ত নয়, বরং শিল্পের ভেতর দিয়ে নতুন রাষ্ট্রের নতুন সৃষ্টিক্ষম চিত্রকল্পময় সাহিত্যভাষা নির্মাণে বৈপ্লবিক। এখানেই তাঁর স্বাতন্ত্র্য।

রচনাবলির বর্তমান খণ্ডে গ্রন্থকারে প্রকাশের কালানুক্রমিকে তিনটি উপন্যাস, তিনটি গল্পগ্রন্থ সংকলিত। প্রকাশকাল জানুয়ারি ২০২১। প্রথম খণ্ডে সংকলিত ছয়টি উপন্যাস—অনুর পাঠশালা, নিরাপদ তন্দ্রা, জীবন আমার বোন, কালো বরফ, খেলাঘর ও চিক্কোর কাবুক; প্রকাশকাল আগস্ট ২০২০। দু খণ্ডেই ‘মাহমুদুল হক: প্রাসঙ্গিক তথ্যাবলি’-র মধ্যে পাওয়া যাবে গ্রন্থপ্রসঙ্গ, গ্রন্থ ও রচনাপঞ্জি, জীবনপঞ্জি, মাহমুদুল হক চর্চা।  সংকলন ও সম্পাদনা আবু হেনা মোস্তাফা এনাম।