‘প্রশংসিত হওয়ার পর সবার ধারণা পাল্টে গেছে’

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২০:৪০

বিনোদন রিপোর্ট

এ সময়ের জনপ্রিয় মডেল ও উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে এরইমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে বেশকিছু অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। শ্রাবণ্য বলেন, ‘অনলাইনে নারী-নক্ষত্র নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। রমজান উপলক্ষে একটি সেলিব্রেটি টকশো করছি, যেটা ইন্ডিপেন্ডেন্ট টিভিতে প্রচার হবে। এছাড়া আরো একটি অনুষ্ঠান করছি নাগরিক টিভির জন্য।’ ঈদের আগে শিল্পী-কলাকুশলী থেকে শুরু করে উপস্থাপক-মডেলদের কাজের পরিধি ও ব্যস্ততা বাড়ে কয়েকগুণ। ঈদ উপলক্ষে নানা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় প্রায় সবাইকে। শ্রাবণ্যও প্রতি ঈদে নানা অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি দু-একটি নাটকে অভিনয় করে থাকেন। এবারের ঈদে নিজের কাজ নিয়ে শ্রাবণ্য বলেন, ‘আমি অভিনেত্রী নই। তবে প্রতি ঈদেই দু-একটি নাটকে অভিনয় করি। এবার করোনার কারণে সেটা এখনো হয়ে ওঠেনি। এখন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের অপেক্ষায় আছি।’

গতানুগতিক ধারার বাইরে গিয়ে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা এদেশে খুব কম মেয়েকেই করতে দেখা যায়। এক্ষেত্রে শ্রাবণ নতুন ধারা সূচনা করছেন। এ ধরনে কাজে কেমন প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে?-এমন প্রশ্নে শ্রাবণ্য বলেন, ‘শুরুতে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। তবে প্রশংসিত হওয়ার পর সবার ধারণা পাল্টে গেছে।’