রয়টার্স
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন শেষে এবার নতুন পরিচয়ে বিশ্ববাসীর সামনে হাজির হতে চলেছেন মাইক পম্পেও। তিনি যুক্তরাষ্ট্রে রক্ষণশীলদের কাছে তুমুল জনপ্রিয় গণমাধ্যম ফক্স নিউজে কন্ট্রিবিউটর হিসেবে যোগ দিয়েছেন বলে নিউজ নেটওয়ার্কটির বৃহস্পতিবারের এক ঘোষণায় জানানো হয়েছে।
পম্পেও ছাড়াও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে কাজ করা অনেকেই মিডিয়া মোগল রুপার্ট মারডক নিয়ন্ত্রণাধীন এই নেটওয়ার্কে যোগ দিয়েছেন। তাদের মধ্যে আছেন হোয়াইট হাউজের সাবেক প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকএনানি ও ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো।
ফক্স জানিয়েছে, পম্পেও তাদের বিজনেস নেটওয়ার্কসহ ফক্স নিউজের সব প্ল্যাটফরমেই তার বিশ্লেষণ ও পর্যালোচনা দেবেন। ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানেই সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথমবারের মতো নতুন পরিচয়ে হাজির হওয়ার কথা।
