এএফপি
যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকার সঙ্গে এখন পর্যন্ত রক্ত জমাট বাঁধার কোনো ধরনের যোগসূত্র খুঁজে পায়নি। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) এক বিবৃতিতে বলা হয়, ‘এখন পর্যন্ত আমরা টিকা দেওয়ার সঙ্গে রক্ত জমাট বাঁধার কারণিক কোনো সম্পর্ক খুঁজে পাইনি। আমরা এসব ক্ষেত্রে আমাদের তদন্ত এবং মূল্যায়ন অব্যাহত রেখেছি।’
এই নিয়ন্ত্রক সংস্থা জানায়, জেঅ্যান্ডজের ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট এবং এর প্লাটিলেট কমে যাওয়ার সমস্যায় পড়া যুক্তরাষ্ট্রের ‘কতিপয় ব্যক্তির’ ব্যাপারে তারা সজাগ রয়েছে। এফডিএ জানায়, ‘উভয় সমস্যা বিভিন্ন কারণে হতে পারে।’ এ ব্যাপারে ‘আমাদের আরো জানার অংশ হিসেবে আমরা সরকারি হালনাগাদ তথ্য তুলে ধরব।’
এদিকে ইউরোপীয়ান মেডিসিনস এজেন্সির (ইএমএ) এক বিবৃতিতে বলা হয়, জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে চার জনের রক্তে জমাট বাঁধাসহ এর প্লাটিলেট কমে যাওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন মারা গেছে।
