পাকুন্দিয়ায় ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২১:৫৩

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়া উপজেলায় ছুরিকাঘাতে রবিউল আউয়াল লিমন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার কোদালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল আউয়াল লিমন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের বগাডুবি এলাকার শহিদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কোদালিয়া পূর্বপাড়া এলাকায় খেলার বিষয় নিয়ে কিশোরদের মধ্যে দলাদলি হয়। একপর্যায়ে সেখানে লিমনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া থানার পরিদর্শক (ওসি-তদন্ত) নাহিদ হাসান সুমন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্তের কাজ চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।