জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
জুড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সৈকত আজিজ নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার ভূয়াই এলাকায় মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত একই জেলার রাজনগর উপজেলার ইটা চা-বাগানের করিমপুর এলাকার হাসান আলীর ছেলে। জুড়ী থানা পুলিশের এএসআই অনিক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, কমলগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় অমর শর্মা নামের এক যুবক মারা গেছেন। এ সময় তার সহযোগী শিবলাল ভর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার মাধবপুর থেকে ধলাই চা-বাগানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত অমর ধলই চা-বাগান কারখানার কর্মচারী বজ্র গোপাল শর্মার ছেলে। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, অমর শর্মার লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জ উপজেলায় বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকের পাঁচ যাত্রী আহত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে নীলফামারী-রংপুর সড়কের কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত্ অফিসের সামনে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ যাওয়ার আগেই চালক ট্রাক্টরটি নিয়ে পালিয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
