খুলনায় দ্রুত সময়ে করোনা টেস্টের রেজাল্ট দেওয়ার সিদ্ধান্ত

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২১:৫৪

খুলনা অফিস

খুলনায় দ্রুততার সঙ্গে করোনা টেস্টের রেজাল্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০০টি করোনা বেডের সঙ্গে আরো ১০০টি বেড বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। শনিবার সকালে সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা ও মহানগর কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সিটি মেয়র বলেন, জেলায় প্রতিদিনই করোনা রোগী বাড়ছে। করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাধ্যতামূলকভাবে মাস্কের ব্যবহার নিশ্চিত করা এবং লকডাউন কঠোরভাবে মেনে চলতে হবে।