ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২১:৫৪

যশোর অফিস

যশোরে ছেলের লাঠির আঘাতে সরোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি যশোর সদর উপজেলার বসুন্দিয়া মীরপাড়া এলাকার আমজেদ মীরের ছেলে। শুক্রবার গভীর রাতে মারপিটের শিকার হয়ে শনিবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ছেলে নয়ন হোসেনকে (২৫) আটক করেছে। নিহতের ভগ্নিপতি এসকেন্দার ব্যাপারী বলেন, শুক্রবার রাতে সরোয়ার হোসেনের সঙ্গে স্ত্রী হাসিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে গোলমাল হয়। একপর্যায়ে সরোয়ার হোসেন স্ত্রীকে মারধর করেন। এসময় ছেলে নয়ন হোসেনকে ঘুম থেকে ডেকে মা তাকে মারধরের বিষয়টি জানায়। এরপর ক্ষুব্ধ নয়ন দরজার কাঠের খিল দিয়ে তার বাবাকে বেধড়ক মারধর করে। পরে রাতে যশোর জেনারেল হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর কলহের জেরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। অভিযুক্ত নয়নকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।