গ্রেফতার ২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সময় পুলিশ সদস্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর বাজারের একটি মিষ্টির দোকান থেকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ। গুলি খোয়া যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন সুহিলপুর ইউনিয়নের দক্ষিণ কেন্দুবাড়ির আরব আলী ও সুহিলপুর গ্রামের হিন্দুপাড়ার মো. মনির মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন গুলি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মৌলভীবাজার জেলা পুলিশের নায়েক মো. মহিউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেন। জানা যায়, গত ২৭ মার্চ বিকেলে মৌলভীবাজারের দুজন পুলিশ সদস্য সিএনজিতে করে আসামি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আসছিলেন। ঐ দিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় তারা পুলিশের অটোরিকশাটি আটকে মারধর করে। এক পুলিশ সদস্যের কাছ থেকে ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়।
