চাটমোহরে গরম বাতাসে বোরোর ব্যাপক ক্ষতি

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২১:৫৫

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

পাবনার চাটমোহর উপজেলায় গত কয়েক দিন আগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সঙ্গে গরম বাতাসে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সোনালি ধান পুড়ে সাদা ধূসর রূপ ধারণ করেছে। বোরো ধানের শিষ নষ্ট হয়ে গেছে। উপজেলার মূলগ্রাম, মথুরাপুর ও পৌর এলাকার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, বিঘার পর বিঘা জমির বোরো ধানের শিষ শুধু সাদা। চিটা ধানে ধানের লেশমাত্র নেই। দমকা গরম বাতাসে বোরো ধানের শিষ পুড়ে নষ্ট হয়ে গেছে। বেজপাড়া গ্রামের কৃষক আ. মান্নান, জমিন উদ্দিন, বকুল হোসেনসহ অন্যরা জানান, কয়েক দিন আগে ঝড়ের সঙ্গে গরম বাতাসে তাদের জমির ধান নষ্ট হয়ে গেছে। ফলে এ বছর উত্পাদন খরচ আর উঠবে না। এলাকার সব কৃষকের একই অবস্থা। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ জানান, কালবৈশাখীর গরম বাতাসে ধানের শিষের পরাগায়ণ বিঘ্নিত ও মাটিতে শুয়ে পড়ায় উপজেলার আগাম বোরো ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষতির পরিমাণ নির্ণয় করছি। আপাতত ২৫/৩০ হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। যে ধান আর হবে না। ক্ষতিগ্রস্ত কৃষকদেরও তালিকা করা হচ্ছে।