অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার
নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে শনিবার অসহায় পরিবারের মধ্যে ‘প্রধানমন্ত্রীর উপহার’ দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। প্রথম ধাপে মেহেরপাড়া ইউনিয়নের ১০ জনকে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব অসহায় পরিবারকে এ উপহার দেওয়া হবে।
বসতঘর ভাঙচুরের প্রতিবাদ
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা বাঁশখালীর সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাহারঘোনা গ্রামে বসতঘর ভাঙচুর ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আলী আহমদ, সোলতান আহমদ, মৌলভী জাফর প্রমুখ।
তিন মন্দিরের নির্মাণকাজ উদ্বোধন
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অর্থায়নে পৃথক তিনটি মন্দিরের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে খয়েরবাড়ী ইউনিয়নের মহদিপুরের ব্রক্ষচারী শিব মন্দির নির্মাণকাজ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এরপর উপজেলা কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির এবং এলুয়ারি ইউনিয়নের খাজাপুর শ্যামা কালী মন্দিরের নির্মাণকাজ উদ্বোধন করা হয়।
ক্রস ব্রিড বকনা গরু বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল বাস্তবায়নে ঘোড়াঘাট সরকারি কলেজ মাঠে ক্রস ব্রিড বকনা প্যাকেজের মাধ্যমে গরু বিতরণ উদ্বোধন করা হয়েছে। শনিবার দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক এ গরু বিতরণ উদ্বোধন করেন।
নিবন্ধিত জেলেদের মধ্যে সেলাই মেশিন বিতরণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বাঞ্ছারামপুর উপজেলা ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম মিলনায়তনে শনিবার নিবন্ধিত জেলেদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহত্তর কুমিল্লা জেলার মত্স্য উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার নিবন্ধিত ৭২০ জন জেলের মধ্যে বিকল্প আয়বর্ধক কর্মসূচির সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি প্রধান অতিথি ছিলেন।
অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা আক্কেলপুরের রুকিন্দীপুর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ২০২০/২০২১ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার কাজের উদ্বোধন শেষে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম আকন্দ।
মসজিদে সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি আসন্ন রমজান মাসে কোভিড-১৯ মোকাবিলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার জয়পুরহাট পৌরসভার ১২৩টি মসজিদে সাবান, ডিটারজেন্ট ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে জয়পুরহাট পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে শহরের পাঁচুর মোড়ে মসজিদের ইমামদের মধ্যে এসব বিতরণ করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ইসলামপুরে মাস্ক বিতরণ
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুর উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের উদ্যোগে শনিবার বটতলা চত্বরে মাস্ক বিতরণ করা হয়েছে। ফোরামের সভাপতি মাহাবুবুল আলম মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোরবান আলীর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম।
০
