অনিয়ম না অবহেলা!

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২২:০০

সরকার করোনার ব্যাপকতায় সারা দেশে লকডাউন দিয়েছে। গত ৫ এপ্রিল থেকে বিকেল ৫টার পর কুমিল্লা মহানগরীসহ আশপাশের এলাকাগুলোর সমস্ত ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকলেও ময়নামতি সেনানিবাস এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের বাজারটিতে সে নিয়ম মানা হয় না। এই বাজারে রয়েছে স্থায়ী, অস্থায়ী বা ভাসমান পাঁচ শতাধিক দোকান। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হাজার হাজার মানুষ ভিড় করছে। সাম্প্রতিক সময়ে নগরী ও এর আশপাশের বাজারগুলো বিকেলের পর বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকার এই বাজারে ছুটে আসেন কেনাকাটা করতে। বাজারটি খোলা থাকায় অন্যান্য স্থানের বাজারগুলোর ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অতিরিক্ত লোকসমাগমের কথা বলে নগরীসহ জেলার সর্বত্র মার্কেট, দোকানপাট, কাঁচাবাজার যেখানে বন্ধ, সেখানে ময়নামতি কাঁচাবাজারটি কেন রাত ১০/১১টা পর্যন্ত খোলা থাকছে? পাশাপাশি মাস্ক বিহীন শত শত ক্রেতা-বিক্রেতার ভিড়ে সংক্রমণের আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। এ অবস্থায় কাঁচাবাজারটিকেও একই আইনের আওতায় আনা হোক।

নাম প্রকাশে অনিচ্ছুক