সাপ্তাহিক গেইনারে বিমা খাতের আধিপত্য

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২২:০২

ইত্তেফাক রিপোর্ট

বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৮টির বা ২৯ দশমিক ৪৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনারে উঠে আসা ৯০ শতাংশই বিমা খাতের কোম্পানিগুলো দখলে নিয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে টপটেন গেইনারে বিমা খাতের ৯টি বা ৯০ শতাংশ রয়েছে। আর বাকি একটি কোম্পানি সিরামিক খাতে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়ে গেইনারের শীর্ষে উঠে আসে দেশ জেনারেল ইনসিওরেন্স।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস দেশ জেনারেল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪ দশমিক ৭০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮০ টাকা বা ৩৯ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে দেশ জেনারেল ইনসিওরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ৩৪ দশমিক ১৯ শতাংশ, প্রভাতী ইনসিওরেন্সের ৩২ দশমিক ২৯ শতাংশ, পূরবী জেনারেল ইনসিওরেন্সের ২১ দশমিক ৩২ শতাংশ, নর্দার্ন ইসলামী ইনসিওরেন্সের ২০ দশমিক ৯২ শতাংশ, রূপালী ইনসিওরেন্সের ২০ দশমিক ৮৮ শতাংশ, সোনারবাংলা ইনসিওরেন্সের ১৮ দশমিক ৭২ শতাংশ, ফেডারেল ইনসিওরেন্সের ১৭ দশমিক ৯৯ শতাংশ এবং কন্টিনেন্টাল ইনসিওরেন্সের শেয়ার দর ১৭ দশমিক ৭০ শতাংশ বেড়েছে। বিমা খাতের বাইরে থেকে টপটেন গেইনারে স্থান করে নেওয়া আরএকে সিরামিকের শেয়ার দর ১৮ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।