ইত্তেফাক রিপোর্ট
ফ্লোর প্রাইজ (সর্বনিম্ন সীমা) তুলে নেওয়া ৬৬ কোম্পানির শেয়ারের দর পতনের ক্ষেত্রে সার্কিট ব্রেকার সীমা ১০ শতাংশ থেকে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল শনিবার বিএসইসি এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ঐ ৬৬টি কোম্পানির শেয়ার এক দিনে সর্বোচ্চ কমতে পারবে ২ শতাংশ। তবে দাম বাড়ার ক্ষেত্রে আগের মতোই ১০ শতাংশ সীমা বহাল রয়েছে। জানা গেছে, ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইজ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে বিনিয়োগকারীরা ফ্লোর প্রাইজ পুনর্বহালের দাবি জানায়। ঐ দাবির পরিপ্রেক্ষিতে ৬৬টি কোম্পানির শেয়ারের দর কমার সীমা নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, করোনা পরিস্থিতিতে বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে ফ্লোর প্রাইজ প্রত্যাহার করা ৬৬টি কোম্পানির শেয়ারের দাম বাড়ার সর্বোচ্চ সীমা ১০ শতাংশ রাখা হয়েছে। তবে দর কমার সর্বোচ্চ সীমা ২ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
