অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ ও চাল দিলেন এমপি দুর্জয়

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২২:১২

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ঘিওরের সিংজুরী ইউনিয়নের শিহরপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে চাল ও অর্থ দিয়েছেন সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। শুক্রবার বিকালে সিংজুরী ইউনিয়নের বৈকণ্ঠপুর সংসদ সদস্যের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে এসব বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে ৩০ হাজার করে চারটি পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকা ও চাল দেওয়া হয়েছে। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে নানা সাহায্য সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য দুর্জয়। এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার তাত্ক্ষণিক উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৫ বান ঢেউটিন টিন ও ৪৫ হাজার টাকা দেওয়া হয়। গত বুধবার অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হয় চারটি কৃষক পরিবার।